জীবনের দুঃখে শোকে তাপে ঋষির একটি বাণী চিত্তে মোর দিনে দিনে হয়েছে উজ্জ্বল-- আনন্দ-অমৃতরূপে বিশ্বের প্রকাশ। ক্ষুদ্র যত বিরুদ্ধ প্রমাণে মহানেরে খর্ব করা সহজ পটুতা। অন্তহীন দেশকালে পরিব্যাপ্ত সত্যের মহিমা যে দেখে অখণ্ড রূপে এ জগতে জন্ম তার হয়েছে সার্থক।
সভা যখন ভাঙবে তখন শেষের গান কি যাব গেয়ে। হয়তো তখন কণ্ঠহারা মুখের পানে রব চেয়ে। এখনো যে সুর লাগে নি বাজবে কি আর সেই রাগিণী, প্রেমের ব্যথা সোনার তানে সন্ধ্যাগগন ফেলবে ছেয়ে? এতদিন যে সেধেছি সুর দিনেরাতে আপন-মনে ভাগ্যে যদি সেই সাধনা সমাপ্ত হয় এই জীবনে-- এ জনমের পূর্ণ বাণী মানস-বনের পদ্মখানি ভাসাব শেষ সাগরপানে বিশ্বগানের ধারা বেয়ে।
মাস্টার বলে, 'তুমি দেবে ম্যাট্রিক, এক লাফে দিতে চাও হবে না সে ঠিক। ঘরে দাদামশায়ের দেখো example, সত্তর বৎসরও হয়নিকো ample। একদা পরীক্ষায় হবে উত্তীর্ণ যখন পাকবে চুল, হাড় হবে জীর্ণ।'