হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশে। বেদন-বাঁশি উঠল বেজে বাতাসে বাতাসে। এই যে আলোর আকুলতা আমারি এ আপন কথা, উদাস হয়ে প্রাণে আমার আবার ফিরে আসে। বাইরে তুমি নানা বেশে ফের নানান ছলে; জানি নে তো আমার মালা দিয়েছি কার গলে। আজ কী দেখি পরানমাঝে তোমার গলায় সব মালা যে, সব নিয়ে শেষ ধরা দিলে গভীর সর্বনাশে। সেই কথা আজ প্রকাশ হল অনন্ত আকাশে।
তোমাদের যে মিলন হবে বিশ্বে হল জানাজানি-- তারাগুলি করছে কেবল হাসাহাসি কানাকানি। রাত্রি যখন গভীর হবে বাসর-ঘরের বাতায়নে মারবে ওরা উঁকিঝুঁকি --এইটে ওদের আছে মনে। তোমরা যদি শোধ দিতে চাও, এনেছি এই যন্ত্রখানি[১] ওরা কেন লুকিয়ে রবে অন্ধকারের পর্দা টানি। তোমরা কোণে দাঁড়িয়ে দেখো আলোক-সভার মিলন-রাতি-- দ্যুলোকেতে ভূলোকেতে হোক-না আড়ি-পাতাপাতি।