এসো এসো এই বুকে নিবাসে তোমার, যূথভ্রষ্ট বাণবিদ্ধ হরিণী আমার, এইখানে বিরাজিছে সেই চির হাসি, আঁধারিতে পারিবে না তাহা মেঘরাশি। এই হস্ত এ হৃদয় চিরকাল মতো তোমার, তোমারি কাজে রহিবে গো রত! কিসের সে চিরস্থায়ী ভালোবাসা তবে, গৌরবে কলঙ্কে যাহা সমান না রবে? জানি না, জানিতে আমি চাহি না, চাহি না, ও হৃদয়ে এক তিল দোষ আছে কিনা, ভালোবাসি তোমারেই এই শুধু জানি, তাই হলে হল, আর কিছু নাহি মানি। দেবতা সুখের দিনে বলেছ আমায়, বিপদে দেবতা সম রক্ষিব তোমায়, অগ্নিময় পথ দিয়া যাব তব সাথে, রক্ষিব, মরিব কিংবা তোমারি পশ্চাতে।
প্রভু আমার, প্রিয় আমার, পরমধন হে। চির পথের সঙ্গী আমার চিরজীবন হে। তৃপ্তি আমার অতৃপ্তি মোর, মুক্তি আমার বন্ধনডোর, দুঃখসুখের চরম আমার জীবনমরণ হে। আমার সকল গতির মাঝে পরম গতি হে। নিত্য প্রেমের ধামে আমার পরম পতি হে। ওগো সবার, ওগো আমার, বিশ্ব হতে চিত্তে বিহার-- অন্তবিহীন লীলা তোমার নূতন নূতন হে।