ছবির জগতে যেথা কোনো ভাষা নেই সেথায় তোমার স্থির দৃষ্টি যে কাহিনী করিতেছে সৃষ্টি, ঘটনাবিহীন তার বোবা ইতিহাস কালো মেঘে ছেয়ে ফেলে চিত্ত-আকাশ বিষাদ-বাদল করে বৃষ্টি।
তোমারে পাছে সহজে বুঝি তাই কি এত লীলার ছল, বাহিরে যবে হাসির ছটা ভিতরে থাকে আঁখির জল। বুঝি গো আমি বুঝি গো তব ছলনা, যে কথা তুমি বলিতে চাও সে কথা তুমি বল না। তোমারে পাছে সহজে ধরি কিছুরই তব কিনারা নাই-- দশের দলে টানি গো পাছে বিরূপ তুমি, বিমুখ তাই। বুঝি গো আমি বুঝি গো তব ছলনা, যে পথে তুমি চলিতে চাও সে পথে তুমি চল না। সবার চেয়ে অধিক চাহ তাই কি তুমি ফিরিয়া যাও-- হেলার ভরে খেলার মতো ভিক্ষাঝুলি ভাসায়ে দাও। বুঝেছি আমি বুঝেছি তব ছলনা, সবার যাহে তৃপ্তি হল তোমার তাহে হল না।