এই মলিন বস্ত্র ছাড়তে হবে হবে গো এইবার-- আমার এই মলিন অহংকার। দিনের কাজে ধুলা লাগি অনেক দাগে হল দাগি, এমনি তপ্ত হয়ে আছে সহ্য করা ভার। আমার এই মলিন অহংকার। এখন তো কাজ সাঙ্গ হল দিনের অবসানে, হল রে তাঁর আসার সময় আশা এল প্রাণে। স্নান করে আয় এখন তবে প্রেমের বসন পরতে হবে, সন্ধ্যাবনের কুসুম তুলে গাঁথতে হবে হার। ওরে আয় সময় নেই যে আর।
জান তুমি, রাত্তিরে নাই মোর সাথি আর-- ছোটোবউ, জেগে থেকো, হাতে রেখো হাতিয়ার। যদি করে ডাকাতি, পারিনে যে তাকাতেই, আছে এক ভাঙা বেত আছে ছেঁড়া ছাতি আর। ভাঙতে চায় না ঘুম, তা না হলে দুমাদুম্ লাগাতেম কিল ঘুষি চালাতেম লাথি আর।