কানাডার প্রতি বিশ্ব জুড়ে ক্ষুব্ধ ইতিহাসে অন্ধবেগে ঝঞ্ঝাবায়ু হুংকারিয়া আসে ধ্বংস করে সভ্যতার চূড়া। ধর্ম আজি সংশয়েতে নত, যুগযুগের তাপসদের সাধনধন যত দানবপদদলনে হল গুঁড়া। তোমরা এসো তরুণ জাতি সবে মুক্তিরণ-ঘোষণাবাণী জাগাও বীররবে। তোলো অজেয় বিশ্বাসের কেতু। রক্তে-রাঙা ভাঙন-ধরা পথে দুর্গমেরে পেরোতে হবে বিঘ্নজয়ী রথে, পরান দিয়ে বাঁধিতে হবে সেতু। ত্রাসের পদাঘাতের তাড়নায়, অসম্মান নিয়ো না শিরে, ভুলো না আপনায়। মিথ্যা দিয়ে, চাতুরী দিয়ে, রচিয়া গুহাবাস পৌরুষেরে কোরো না পরিহাস। বাঁচাতে নিজ প্রাণ বলীর পদে দুর্বলেরে কোরো না বলিদান।
দেখিনু যে এক আশার স্বপন শুধু তা স্বপন, স্বপনময়-- স্বপন বই সে কিছুই নয়। অবশ হৃদয় অবসাদময় হারাইয়া সুখ শ্রান্ত অতিশয়-- আজিকে উঠিনু জাগি কেবল একটি স্বপন লাগি! বীণাটি আমার নীরব হইয়া গেছে গীতগান ভুলি, ছিঁড়িয়া টুটিয়া ফেলেছি তাহার একে একে তারগুলি। নীরব হইয়া রয়েছে পড়িয়া সুদূর শ্মশান-'পরে, কেবল একটি স্বপন-তরে! থাম্ থাম্ ওরে হৃদয় আমার, থাম্ থাম্ একেবারে, নিতান্তই যদি টুটিয়া পড়িবি একেবারে ভেঙে যা রে-- এই তোর কাছে মাগি। আমার জগৎ, আমার হৃদয়-- আগে যাহা ছিল এখন তা নয় কেবল একটি স্বপন লাগি।