আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাই নি। বাহিরপানে চোখ মেলেছি হৃদয়পানেই চাই নি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, তুমি ছিলে আমার কাছে, তোমার কাছে যাই নি। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়। আনন্দে তাই ভুলে ছিলেম, কেটেছে দিন হেলায়। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ-সুখের গানে সুর দিয়েছ তুমি,আমি তোমার গান তো গাই নি।
তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি যাই কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথা বিচ্ছেদ নাই। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ সে হয় দুঃখের কূপ তোমা হতে যবে স্বতন্ত্র হয়ে আপনার পানে চাই। হে পূর্ণ, তব চরণের কাছে যাহা-কিছুসব আছে আছে আছে-- নাই নাই ভয়, সে শুধু আমারি-- নিশিদিন কাঁদি তাই। অন্তরগ্লানি সংসারভার পলক ফেলিতে কোথা একাকার তোমার স্বরূপ জীবনের মাঝে রাখিবারে যদি পাই।