লীলাময়ী নলিনী, চপলিনী নলিনী, শুধালে আদর করে ভালো সে কি বাসে মোরে, কচি দুটি হাত দিয়ে ধরে গলা জড়াইয়ে, হেসে হেসে একেবারে ঢলে পড়ে পাগলিনী! ভালো বাসে কি না, তবু বলিতে চাহে না কভু নিরদয়া নলিনী! যবে হৃদি তার কাছে, প্রেমের নিশ্বাস যাচে চায় সে এমন করে বিপাকে ফেলিতে মোরে, হাসে কত, কথা তবু কয় না! এমন নির্দোষ ধূর্ত চতুর সরল, ঘোমটা তুলিয়া চায় চাহনি চপল উজল অসিত-তারা-নয়না! অমনি চকিত এক হাসির ছটায় ললিত কপোলে তার গোলাপ ফুটায়, তখনি পলায় আর রয় না!
ভৈরবী । একতালা ওগো কাঙাল, আমারে কাঙাল করেছ, আরো কি তোমার চাই? ওগো ভিখারি, আমার ভিখারি, চলেছ কি কাতর গান গাই'? প্রতিদিন প্রাতে নব নব ধনে তুষিব তোমারে সাধ ছিল মনে ভিখারি, আমার ভিখারি! হায় পলকে সকলি সঁপেছি চরণে, আর তো কিছুই নাই। ওগো কাঙাল, আমারে কাঙাল করেছ, আরো কি তোমার চাই? আমি আমার বুকের আঁচল ঘেরিয়া তোমারে পরানু বাস, আমি আমার ভুবন শূন্য করেছি তোমার পুরাতে আশ। মম প্রাণমন যৌবন নব করপুটতলে পড়ে আছে তব, ভিখারি, আমার ভিখারি! হায়, আরো যদি চাও, মোরে কিছু দাও, ফিরে আমি দিব তাই। ওগো কাঙাল, আমারে কাঙাল করেছ, আরো কি তোমার চাই?