অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব-বিরোধ-মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যেই গেহ সেই তো তোমার গেহ। সমর-ঘাতে অমর করে রুদ্র নিঠুর স্নেহ সেই তো তোমার স্নেহ। সব ফুরালে বাকি রহে অদৃশ্য যেই দান সেই তো তোমার দান। মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যেই প্রাণ সেই তো তোমার প্রাণ। বিশ্বজনের পায়ের তলে ধূলিময় যে ভূমি সেই তো স্বর্গভূমি। সবায় নিয়ে সবার মাঝে লুকিয়ে আছ তুমি সেই তো আমার তুমি।
ব্যথার বেশে এল আমার দ্বারে কোন্ অতিথি, ফিরিয়ে দেব না রে। জাগব বসে সকল রাতি-- ঝড়ের হাওয়ায় ব্যাকুল বাতি আগুন দিয়ে জ্বালব বারে বারে। আমার যদি শক্তি নাহি থাকে ধরার কান্না আমায় কেন ডাকে? দুঃখ দিয়ে জানাও, রুদ্র, ক্ষুদ্র আমি নই তো ক্ষুদ্র-- ভয় দিয়েছ ভয় করি নে তারে। ব্যথা যখন এল আমার দ্বারে তারে আমি ফিরিয়ে দেব না রে।