মেনেছি, হার মেনেছি। ঠেলতে গেছি তোমায় যত আমায় তত হেনেছি। আমার চিত্তগগন থেকে তোমায় কেউ যে রাখবে ঢেকে কোনোমতেই সইবে না সে বারেবারেই জেনেছি। অতীত জীবন ছায়ার মতো চলছে পিছে পিছে, কত মায়ার বাঁশির সুরে ডাকছে আমায় মিছে। মিল ছুটেছে তাহার সাথে, ধরা দিলেম তোমার হাতে, যা আছে মোর এই জীবনে তোমার দ্বারে এনেছি।
জীবন-স্রোতে ঢেউয়ের 'পরে কোন্-আলো ওই বেড়ায় দুলে? ক্ষণে ক্ষণে দেখি যে তাই বসে বসে বিজন কূলে। ভাসে তবু যায় না ভেসে, হাসে আমার কাছে এসে, দু-হাত বাড়াই ঝাঁপ দিতে চাই মনে করি আনব তুলে। শান্ত হ রে শান্ত হ মন, ধরতে গেলে দেয় না ধরা-- নয় সে মণি নয় সে মানিক নয় সে কুসুম ঝরে-পড়া। দূরে কাছে আগে পাছে, মিলিয়ে আছে ছেয়ে আছে, জীবন হতে ছানিয়ে তারে তুলতে গেলে মরবি ভুলে।