যদি তোমার দেখা না পাই প্রভু, এবার এ জীবনে তবে তোমায় আমি পাই নি যেন সে কথা রয় মনে। যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে। এ সংসারের হাটে আমার যতই দিবস কাটে, আমার যতই দু হাত ভরে ওঠে ধনে, তবু কিছুই আমি পাই নি যেন সে কথা রয় মনে। যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে। যদি আলসভরে আমি বসি পথের 'পরে, যদি ধুলায় শয়ন পাতি সযতনে, যেন সকল পথই বাকি আছে সে কথা রয় মনে। যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে। যতই উঠে হাসি, ঘরে যতই বাজে বাঁশি, ওগো যতই গৃহ সাজাই আয়োজনে, যেন তোমায় ঘরে হয় নি আনা সে কথা রয় মনে। যেন ভুলে না যাই, বেদনা পাই শয়নে স্বপনে॥
প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো আরো আরো দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো আরো আরো দাও স্থান ॥ আরো আলো আরো আলো এই নয়নে, প্রভু, ঢালো। সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো আরো আরো দাও তান ॥ আরো বেদনা আরো বেদনা, প্রভু, দাও মোরে আরো চেতনা। দ্বার ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ। আরো প্রেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। সুধাধারে আপনারে তুমি আরো আরো আরো করো দান ॥