সেই ভালো মা, সেই ভালো। থাক্ তোর মন্ত্র, থাক্ তোর-- আর কাজ নাই, কাজ নাই ,কাজ নাই। না না না, পড়্ মন্ত্র তুই, পড়্ তোর মন্ত্র-- পথ তো আর নেই বাকি! আসবে সে, আসবে সে, আসবে, আমার জীবনমৃত্যু-সীমানায় আসবে। নিবিড় রাত্রে এসে পৌঁছবে পান্থ, বুকের জ্বালা দিয়ে আমি জ্বালিয়ে দিব দীপখানি-- সে আসবে।
আমার আপন গান আমার অগোচরে আমার মন হরণ করে, নিয়ে সে যায় ভাসায়ে সকল সীমারই পারে॥ ওই-যে দূরে কূলে কূলে ফাল্গুন উচ্ছ্বসিত ফুলে ফুলে-- সেথা হতে আসে দুরন্ত হাওয়া, লাগে আমার পালে॥ কোথায় তুমি মম অজানা সাথি, কাটাও বিজনে বিরহরাতি, এসো এসো উধাও পথের যাত্রী-- তরী আমার টলোমলো ভরা জোয়ারে॥