আমাদের যাত্রা হল শুরু এখন, ওগো কর্ণধার। তোমারে করি নমস্কার। এখন বাতাস ছুটুক, তুফান উঠুক, ফিরব না গো আর-- তোমারে করি নমস্কার॥ আমরা দিয়ে তোমার জয়ধ্বনি বিপদ বাধা নাহি গণি ওগো কর্ণধার। এখন মাভৈঃ বলি ভাসাই তরী, দাও গো করি পার-- তোমারে করি নমস্কার॥ এখন রইল যারা আপন ঘরে চাব না পথ তাদের তরে ওগো কর্ণধার। যখন তোমার সময় এল কাছে তখন কে বা কার-- তোমারে করি নমস্কার। মোদেরকেবা আপন, কে বা অপর, কোথায় বাহির, কোথা বা ঘর ওগো কর্ণধার। চেয়ে তোমার মুখে মনের সুখে নেব সকল ভার-- তোমারে করি নমস্কার ॥ আমরা নিয়েছি দাঁড়, তুলেছি পাল, তুমি এখন ধরো গো হাল ওগো কর্ণধার। মোদের মরণ বাঁচন ঢেউয়ের নাচন, ভাবনা কী বা তার-- তোমারে করি নমস্কার। আমরা সহায় খুঁজে পরের দ্বারে ফিরব না আর বারে বারে ওগো কর্ণধার। কেবল তুমিই আছ আমরা আছি এই জেনেছি সার-- তোমারে করি নমস্কার ॥
আমায় থাকতে দে-না আপন-মনে। সেই চরণের পরশখানি মনে পড়ে ক্ষণে ক্ষণে॥ কথার পাকে কাজের ঘোরে ভুলিয়ে রাখে কে আর মোরে, তার স্মরণের বরণমালা গাঁথি বসে গোপন কোণে॥ এই-যে ব্যথার রতনখানি আমার বুকে দিল আনি এই নিয়ে আজ দিনের শেষে একা চলি তার উদ্দেশে। নয়নজলে সামনে দাঁড়াই, তারে সাজাই তারি ধনে॥