তুই ফেলে এসেছিস কারে, মন, মন রে আমার। তাই জনম গেল, শান্তি পেলি না রে মন, মন রে আমার॥ যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি-- কেমন করে ফিরবি তাহার দ্বারে মন, মন রে আমার॥ নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে যে প্রাণ পাতার মর্মরেতে। মনে হয় যে পাব খুঁজি ফুলের ভাষা যদি বুঝি, যে পথ গেছে সন্ধ্যাতারার পারে মন, মন রে আমার॥
ওরে মাঝি, ওরে আমার মানবজন্মতরীর মাঝি, শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজি॥ তরী কি তোর দিনের শেষে ঠেকবে এবার ঘাটে এসে। সেথায় সন্ধ্যা-অন্ধকারে দেয় কি দেখা প্রদীপরাজি॥ যেন আমার লাগে মনে মন্দ-মধুর এই পবনে সিন্ধুপারের হাসিটি কার আঁধার বেয়ে আসছে আজি। আসার বেলায় কুসুমগুলি কিছু এনেছিলেম তুলি, যেগুলি তার নবীন আছে এই বেলা নে সাজিয়ে সাজি॥