নিশীথরাতের প্রাণ কোন্ সুধা যে চাঁদের আলোয় আজ করেছে পান॥ মনের সুখে তাই আজ গোপন কিছু নাই, আঁধার ঢাকা ভেঙে ফেলে সব করেছে দান॥ দখিন-হাওয়ায় তার সব খুলেছে দ্বার। তারি নিমন্ত্রণে আজি ফিরি বনে বনে, সঙ্গে করে এনেছি এই রাত-জাগা মোর গান॥
আমার ভুবন তো আজ হল কাঙাল, কিছু তো নাই বাকি, ওগো নিঠুর, দেখতে পেলে তা কি॥ তার সব ঝরেছে, সব মরেছে, জীর্ণ বসন ওই পরেছে-- প্রেমের দানে নগ্ন প্রাণের লজ্জা দেহো ঢাকি॥ কুঞ্জে তাহার গান যা ছিল কোথায় গেল ভাসি। এবার তাহার শূন্য হিয়ায় বাজাও তোমার বাঁশি। তার দীপের আলো কে নিভালো, তারে তুমি জ্বালো জ্বালো-- আমার আপন আঁধার আমার আঁখিরে দেয় ফাঁকি॥