ওই অমল হাতে রজনী প্রাতে আপনি জ্বালো এই তো আলো-- এই তো আলো ॥ এই তো প্রভাত, এই তো আকাশ, এই তো পূজার পুষ্পবিকাশ, এই তো বিমল, এই তো মধুর,এই তো ভালো-- এই তো আলো-- এই তো আলো ॥ আঁধার মেঘের বক্ষে জেগে আপনি জ্বালো এই তো আলো-- এই তো আলো। এই তো ঝঞ্ঝা তড়িৎ-জ্বালা, এই তো দুখের অগ্নিমালা, এই তো মুক্তি, এই তো দীপ্তি, এই তো ভালো-- এই তো আলো-- এই তো আলো ॥
ওকে বোঝা গেল না--চলে আয় চলে আয়। ও কী কথা যে বলে সখী, কী চোখে যে চায়। চলে আয়, চলে আয়। লাজ টুটে শেষে মরি লাজে, মিছে কাজে, ধরা দিবে না যে, বলো কে পারে তায়। আপনি সে জানে তার মন কোথায়। চলে আয়, চলে আয়।