না, না গো না, কোরো না ভাবনা-- যদি বা নিশি যায় যাব না যাব না ॥ যখনি চলে যাই আসিব ব'লে যাই, আলোছায়ার পথে করি আনাগোনা ॥ দোলাতে দোলে মন মিলনে বিরহে। বারে বারেই জানি তুমি তো চির হে। ক্ষণিক আড়ালে বারেক দাঁড়ালে মরি ভয়ে ভয়ে পাব কি পাব না ॥
এ দিন আজি কোন্ ঘরে গো খুলে দিল দ্বার? আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার?। কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে, উষা কাহার আশিস বহি হল আঁধার পার?। বনে বনে ফুল ফুটেছে, দোলে নবীন পাতা-- কার হৃদয়ের মাঝে হল তাদের মালা গাঁথা? বহু যুগের উপহারে বরণ করি নিল কারে, কার জীবনে প্রভাত আজি ঘুচায় অন্ধকার?।