কি বলিলে, কি শুনিলাম, একি কভু হয়! এই যে জল আনিবারে গেল সে সরযূতীরে-- কার সাধ্য বধে, সে যে ঋষির তনয়! সুকুমার শিশু সে যে, স্নেহের বাছা রে, আছে কি নিষ্ঠুর কেহ বধিবে যে তারে! না না না, কোথা সে আছে-- এনে দে আমার কাছে, সারা নিশি জেগে আছি বিলম্ব না সয়! এখনো যে নিরুত্তর-- নাহি প্রাণে ভয়! রে দুরাত্মা-- কী করিলি--
অলি বার বার ফিরে যায়, অলি বার বার ফিরে আসে-- তবে তো ফুল বিকাশে॥ কলি ফুটিতে চাহে ফোটে না, মরে লাজে মরে ত্রাসে। ভুলি মান অপমান, দাও মন প্রাণ, নিশি দিন রহো পাশে। ওগো, আশা ছেড়ে তবু আশা রেখে দাও, হৃদয়রতন-আশে। ফিরে এসো ফিরে এসো-- বন মোদিত ফুলবাসে। আজি বিরহরজনী, ফুল্ল কুসুম শিশিরসলিলে ভাসে॥
সেই যদি সেই যদি ভাঙিল এ পোড়া হৃদি, সেই যদি ছাড়াছাড়ি হল দুজনায়, একবার এসো কাছে-- কী তাহাতে দোষ আছে। জন্মশোধ দেখে নিয়ে লইব বিদায়। সেই গান একবার গাও সখী, শুনি-- যেই গান একসনে গাইতাম দুইজনে, গাইতে গাইতে শেষে পোহাত যামিনী। চলিনু চলিনু তবে-- এ জন্মে কি দেখা হবে। এ জন্মের সুখ তবে হল অবসান॥ তবে, সখী, এসো কাছে। কী তাহাতে দোষ আছে। আরবার গাও, সখী, পুরানো সে গান॥