আমি যাব না গো অমনি চলে। মালা তোমার দেব গলে॥ অনেক সুখে অনেক দুখে তোমার বাণী নিলেম বুকে, ফাগুনশেষে যাবার বেলা আমার বাণী যাব বলে॥ কিছু হল, অনেক বাকি। ক্ষমা আমায় করবে না কি। গান এসেছে সুর আসে নাই,হল না যে শোনানো তাই-- সে-সুর আমার রইল ঢাকা নয়নজলে॥
স্বপনে দোঁহে ছিনু কী মোহে, জাগার বেলা হল-- যাবার আগে শেষ কথাটি বোলো ॥ ফিরিয়া চেয়ে এমন কিছু দিয়ো বেদনা হবে পরমরমণীয়-- আমার মনে রহিবে নিরবধি বিদায়খনে খনেক-তরে যদি সজল আঁখি তোলো ॥ নিমেষহারা এ শুকতারা এমনি উষাকালে উঠিবে দূরে বিরহাকাশভালে। রজনীশেষে এই-যে শেষ কাঁদা বীণার তারে পড়িল তাহা বাঁধা, হারানো মণি স্বপনে গাঁথা রবে-- হে বিরহিণী, আপন হাতে তবে বিদায়দ্বার খোলো।