আরো চাই যে, আরো চাই গো-- আরো যে চাই। ভাণ্ডারী যে সুধা আমায় বিতরে নাই ॥ সকালবেলার আলোয় ভরা এই-যে আকাশ বসুন্ধরা এরে আমার জীবন-মাঝে কুড়ানো চাই-- সকল ধন যে বাইরে আমার, ভিতরে নাই ॥ প্রাণের বীণায় আরো আঘাত, আরো যে চাই। গুণীর পরশ পেয়ে সে যে শিহরে নাই। দিনরজনীর বাঁশি পূরে যে গান বাজে অসীম সুরে তারে আমার প্রাণের তারে বাজানো চাই। আপন গান যে দূরে তাহার, নিয়ড়ে নাই ॥
এবার রঙিয়ে গেল হৃদয়গগন সাঁঝের রঙে। আমার সকল বাণী হল মগন সাঁঝের রঙে॥ মনে লাগে দিনের পরে পথিক এবার আসবে ঘরে, আমার পূর্ণ হবে পুণ্য লগন সাঁঝের রঙে॥ অস্তাচলের সাগরকূলের এই বাতাসে ক্ষণে ক্ষণে চক্ষে আমার তন্দ্রা আসে। সন্ধ্যাযূথীর গন্ধভারে পান্থ যখন আসবে দ্বারে আমার আপনি হবে নিদ্রাভগন সাঁঝের রঙে॥