আমায় ছ জনায় মিলে পথ দেখায় ব’লে পদে পদে পথ ভুলি হে। নানা কথার ছলে নানান মুনি বলে, সংশয়ে তাই দুলি হে।। তোমার কাছে যাব এই ছিল সাধ, তোমার বাণী শুনে ঘুচাব প্রমাদ, কানের কাছে সবাই করিছে বিবাদ– শত লোকের শত বুলি হে।। কাতর প্রাণে আমি তোমায় যখন যাচি আড়াল ক’রে সবাই দাঁড়ায় কাছাকাছি, ধরণীর ধুলো তাই নিয়ে আছি– পাই নে চরণধূলি হে।। শত ভাগ মোর শত দিকে ধায়, আপনা-আপনি বিবাদ বাধায়– কারে সামালিব, একি হল দায়– একা যে অনেকগুলি হে।। আমায় এক করো তোমার প্রেমে বেঁধে, এক পথ আমায় দেখাও অবিচ্ছেদে– ধাঁদার মাঝে প’ড়ে কত মরি কেঁদে– চরণেতে লহো তুলি হে।।
যদি আসে তবে কেন যেতে চায়। দেখা দিয়ে তবে কেন গো লুকায়॥ চেয়ে থাকে ফুল হৃদয় আকুল-- বায়ু বলে এসে 'ভেসে যাই'। ধরে রাখো, ধরে রাখো-- সুখপাখি ফাঁকি দিয়ে উড়ে যায়॥ পথিকের বেশে সুখনিশি এসে বলে হেসে হেসে 'মিশে যাই'। জেগে থাকো, সখী, জেগে থাকো-- বরষের সাধ নিমেষে মিলায়॥