সখী, প্রতিদিন হায় এসে ফিরে যায় কে। তারে আমার মাথার একটি কুসুম দে॥ যদি শুধায় কে দিল কোন্ ফুলকাননে, মোর শপথ, আমার নামটি বলিস নে॥ সখী, সে আসি ধুলায় বসে যে তরুর তলে সেথা আসন-বিছায়ে রাখিস বকুলদলে। সে যে করুণা জাগায় সকরুণ নয়নে-- যেন কী বলিতে চায়, না বলিয়া যায় সে॥
আবার এরা ঘিরেছে মোর মন। আবার চোখে নামে আবরণ ॥ আবার এ যে নানা কথাই জমে, চিত্ত আমার নানা দিকেই ভ্রমে, দাহ আবার বেড়ে ওঠে ক্রমে, আবার এ যে হারাই শ্রীচরণ ॥ তব নীরব বাণী হৃদয়তলে ডোবে না যেন লোকের কোলাহলে। সবার মাঝে আমার সাথে থাকো, আমায় সদা তোমার মাঝে ঢাকো, নিয়ত মোর চেতনা-'পরে রাখো আলোকে-ভরা উদার ত্রিভুবন ॥