আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে বসন্তের এই মাতাল সমীরণে ॥ যাব না গো যাব না যে, রইনু পড়ে ঘরের মাঝে-- এই নিরালায় রব আপন কোণে। যাব না এই মাতাল সমীরণে ॥ আমার এ ঘর বহু যতন ক'রে ধুতে হবে মুছতে হবে মোরে। আমারে যে জাগতে হবে, কী জানি সে আসবে কবে যদি আমায় পড়ে তাহার মনে বসন্তের এই মাতাল সমীরণে ॥
নিশার স্বপন ছুটল রে, এই ছুটল রে, টুটল বাঁধন টুটল রে। রইল না আর আড়াল প্রাণে, বেরিয়ে এলেম জগৎ-পানে-- হৃদয়শতদলের সকল দলগুলি এই ফুটল রে, এই ফুটল রে॥ দুয়ার আমার ভেঙে শেষে দাঁড়ালে যেই আপনি এসে নয়নজলে ভেসে হৃদয় চরণতলে লুটল রে। আকাশ হতে প্রভাত-আলো আমার পানে হাত বাড়ালো, ভাঙা কারার দ্বারে আমার জয়ধ্বনি উঠল রে, এই উঠল রে॥