এ কেমন হল মন আমার ! কী ভাব এ যে কিছুই বুঝিতে যে পারি নে। পাষাণহৃদয় গলিল কেন রে ! কেন আজি আঁখিজল দেখা দিল নয়নে ! কী মায়া এ জানে গো , পাষাণের বাঁধ এ যে টুটিল , সব ভেসে গেল গো , সব ভেসে গেল গো– মরুভূমি ডুবে গেল করুণার প্লাবনে।।
কেন নিবে গেল বাতি। আমি অধিক যতনে ঢেকেছিনু তারে জাগিয়া বাসররাতি, তাই নিবে গেল বাতি।। কেন ঝরে গেল ফুল। আমি বক্ষে চাপিয়া ধরেছিনু তারে চিন্তিত ভয়াকুল, তাই ঝরে গেল ফুল।। কেন মরে গেল নদী ।। আমি বাঁধ বাঁধি তারে চাহি ধরিবারে পাইবারে নিরবধি, তাই মরে গেল নদী।। কেন ছিঁড়ে গেল তার। আমি অধিক আবেগে প্রাণপণ বলে দিয়েছিনু ঝঙ্কার, তাই ছিঁড়ে গেল তার ।।