প্রভাত-আলোরে মোর কাঁদায়ে গেলে মিলনমালার ডোর ছিঁড়িয়া ফেলে॥ পড়ে যা রহিল পিছে সব হয়ে গেল মিছে, বসে আছি দূর-পানে নয়ন মেলে॥ একে একে ধূলি হতে কুড়ায়ে মরি যে ফুল বিদায়পথে পড়িছে ঝরি। ভাবি নি রবে না লেশ সে দিনের অবশেষ-- কাটিল ফাগুনবেলা কী খেলা খেলে॥
পাখি, তোর সুর ভুলিস নে-- আমার প্রভাত হবে বৃথাজানিস কি তা। অরুণ-আলোর করুণ পরশ গাছে গাছে লাগে, কাঁপনে তার তোরই যে সুর জাগে-- তুই ভোরের আলোর মিতা জানিস কি তা। আমার জাগরণের মাঝে রাগিণী তোর মধুর বাজে জানিস কি তা। আমার রাতের স্বপনতলে প্রভাতী তোর কী যে বলে নবীন প্রাণের গীতা জানিস কি তা॥