আমারে কে নিবি ভাই, সঁপিতে চাই আপনারে। আমার এই মন গলিয়ে কাজ ভুলিয়ে সঙ্গে তোদের নিয়ে যা রে ॥ তোরা কোন্ রূপের হাটে চলেছিস ভবের বাটে, পিছিয়ে আছি আমি আপন ভারে-- তোদের ওই হাশিখুশি দিবানিশি দেখে মন কেমন করে ॥ আমার এই বাঁধা টুটে নিয়ে যা লুটেপুটে-- পড়ে থাক্ মনের বোঝা ঘরের দ্বারে-- যেমন ওই এক নিমেষে বন্যা এসে ভাসিয়ে নে যায় পারাবারে ॥ এত যে আনাগোনা কে আছে জানাশোনা, কে আছে নাম ধ'রে মোর ডাকতে পারে? যদি সে বারেক এসে দাঁড়ায় হেসে চিনতে পারি দেখে তারে ॥
আমি কী গান গাব যে ভেবে না পাই-- মেঘলা আকাশে উতলা বাতাসে খুঁজে বেড়াই॥ বনের গাছে গাছে জেগেছে ভাষা ভাষাহারা নাচে-- মন ওদের কাছে চঞ্চলতার রাগিণী যাচে, সারাদিন বিরামহীন ফিরি যে তাই॥ আমার অঙ্গে সুরতরঙ্গে ডেকেছে বান, রসের প্লাবনে ডুবিয়া যাই। কী কথা রয়েছে আমার মনের ছায়াতে স্বপ্নপ্রদোষে-- আমি তারে যে চাই॥