আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও, কে আমারে কী-যে বলে ভোলাও ভোলাও ॥ ওরা কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে, বাঁশির ডাকে সকল বাঁধন খোলাও ॥ মনে পড়ে, কত-না দিন রাতি আমি ছিলেম তোমার খেলার সাথী। আজকে তুমি তেমনি ক'রে সামনে তোমার রাখো ধরে, আমার প্রাণে খেলার সে ঢেউ তোলাও ॥
দীপ নিবে গেছে মম নিশীথসমীরে, ধীরে ধীরে এসে তুমি যেয়ো না গো ফিরে॥ এ পথে যখন যাবে আঁধারে চিনিতে পাবে-- রজনীগন্ধার গন্ধ ভরেছে মন্দিরে॥ আমারে পড়িবে মনে কখন সে লাগি প্রহরে প্রহরে আমি গান গেয়ে জাগি। ভয় পাছে শেষ রাতে ঘুম আসে আঁখিপাতে, ক্লান্ত কণ্ঠে মোর সুর ফুরায় যদি রে॥