ওদের কথায় ধাঁদা লাগে, তোমার কথা আমি বুঝি। তোমার আকাশ তোমার বাতাস এই তো সবই সোজাসুজি ॥ হৃদয়কুসুম আপনি ফোটে, জীবন আমার ভরে ওঠে-- দুয়ার খুলে চেয়ে দেখি হাতের কাছে সকল পুঁজি ॥ সকাল সাঁজে সুর যে বাজে ভুবন-জোড়া তোমার নাটে, আলোর জোয়ার বেয়ে তোমার তরী আসে আমার ঘাটে। শুনব কী আর বুঝব কী বা, এই তো দেখি রাত্রিদিবা ঘরেই তোমার আনাগোনা-- পথে কি আর তোমায় খুঁজি ॥
কেন এলি রে, ভালোবাসিলি, ভালোবাসা পেলি নে। কেন সংসারেতে উঁকি মেরে চলে গেলি নে। সংসার কঠিন বড়ো কারেও সে ডাকে না, কারেও সে ধরে রাখে না। যে থাকে সে থাকে, আর যে যায় সে যায়, কারো তরে ফিরেও না চায়। হায় হায়, এ সংসারে যদি না পুরিল আজন্মের প্রাণের বাসনা, চলে যাও ম্লান মুখে, ধীরে ধীরে ফিরে যাও, থেকে যেতে কেহ বলিবে না। তোমার ব্যথা তোমার অশ্রু তুমি নিয়ে যাবে, আর তো কেহ অশ্রু ফেলিবে না।