কে ডাকে! আমি কভু ফিরে নাহি চাই। কত ফুল ফুটে উঠে, কত ফুল যায় টুটে, আমি শুধু বহে চলে যাই। পরশ পুলক-রস ভরা রেখে যাই, নাহি দিই ধরা। উড়ে আসে ফুলবাস, লতাপাতা ফেলে শ্বাস, বনে বনে উঠে হা-হুতাশ, চকিতে শুনিতে শুধু পাই, চলে যাই। আমি কভু ফিরে নাহি চাই।
কী বেদনা মোর জানো সে কি তুমি জানো ওগো মিতা, মোর অনেক দূরের মিতা। আজি এ নিবিড়তিমির যামিনী বিদ্যুতসচকিতা॥ বাদাল-বাতাস ব্যেপে হৃদয় উঠিছে কেঁপে ওগো সে কি তুমি জানো। উৎসুক এই দুখজাগরণ এ কি হবে হায় বৃথা॥ ওগো মিতা, মোর অনেক দূরের মিতা, আমার ভবনদ্বারে রোপণ করিলে যারে সজল হাওয়ার করুণ পরশে সে মালতী বিকশিতা॥ ওগো সে কি তুমি জানো। তুমি যার সুর দিয়েছিলে বাঁধি মোর কোলে আজ উঠিছে সে কাঁদি ওগো সে কি জানো-- সেই-যে তোমার বীণা সে কি বিস্মৃতা॥