আমি তখন ছিলেম মগন গহন ঘুমের ঘোরে যখন বৃষ্টি নামল তিমিরনিবিড় রাতে। দিকে দিকে সঘন গগন মত্ত প্রলাপে প্লাবন-ঢালা শ্রাবণধারাপাতে সে দিন তিমিরনিবিড় রাতে॥ আমার স্বপ্নস্বরূপ বাহির হয়ে এল, সে যে সঙ্গ পেল আমার সুদূর পারের স্বপ্নদোসর-সাথে সে দিন তিমিরনিবিড় রাতে॥ আমার দেহের সীমা গেল পারায়ে-- ক্ষুব্ধ বনের মন্দ্ররবে গেল হারায়ে। মিলে গেল কুঞ্জবীথির সিক্ত যূথীর গন্ধে মত্তহাওয়ার ছন্দে, মেঘে মেঘে তড়িৎশিখার ভুজঙ্গপ্রয়াতে সে দিন তিমিরনিবিড় রাতে॥
পূর্ণচাঁদের মায়ায় আজি ভাবনা আমার পথ ভোলে, যেন সিন্ধুপারের পাখি তারা, যা য় যা য় যায় চলে॥ আলোছায়ার সুরে অনেক কালের সে কোন্ দূরে ডাকে আ য় আ য় আয় ব'লে॥ যেথায় চলে গেছে আমার হারা ফাগুনরাতি সেথায় তারা ফিরে ফিরে খোঁজে আপন সাথি। আলোছায়ায় যেথা অনেক দিনের সে কোন্ ব্যথা কাঁদে হা য় হা য় হায় ব'লে॥
তুমি কোন্ ভাঙনের পথে এলে সুপ্তরাতে। আমার ভাঙল যা তা ধন্য হল চরণপাতে॥ আমি রাখব গেঁথে তারে রক্তমণির হারে, বক্ষে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে॥ তুমি কোলে নিয়েছিলে সেতার, মীড় দিলে নিষ্ঠুর করে-- ছিন্ন যবে হল তার ফেলে গেলে ভূমি-'পরে। নীরব তাহারি গান আমি তাই জানি তোমারি দান-- ফেরে সে ফাল্গুন-হাওয়ায়-হাওয়ায় সুরহারা মূর্ছনাতে॥