আমার দিন ফুরালো ব্যাকুল বাদলসাঁঝে গহন মেঘের নিবিড় ধারার মাঝে॥ বনের ছায়ায় জলছলছল সুরে হৃদয় আমার কানায় কানায় পূরে। খনে খনে ওই গুরুগুরু তালে তালে গগনে গগনে গভীর মৃদঙ বাজে॥ কোন্ দূরের মানুষ যেন এল আজ কাছে, তিমির-আড়ালে নীরবে দাঁড়ায়ে আছে। বুকে দোলে তার বিরহব্যথার মালা গোপন-মিলন-অমৃতগন্ধ-ঢালা। মনে হয় তার চরণের ধ্বনি জানি-- হার মানি তার অজানা জনের সাজে॥
রাতে রাতে আলোর শিখা রাখি জ্বেলে ঘরের কোণে আসন মেলে॥ বুঝি সময় হল এবার আমার প্রদীপ নিবিয়ে দেবার-- পূর্ণিমাচাঁদ, তুমি এলে॥ এত দিন সে ছিল তোমার পথের পাশে তোমার দরশনের আশে। আজ তারে যেই পরশিবে যাক সে নিবে, যাক সে নিবে-- যা আছে সব দিক সে ঢেলে॥