তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি ॥ সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো-- রেখো না আর, বেঁধো না আর কূলের কাছাকাছি ॥ মাঝির লাগি আছি জাগি সকল রাত্রিবেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রূকুটিতে-- দাও ছেড়ে দাও, ওগো, আমি তুফান পেলে বাঁচি ॥
পূর্বাচলের পানে তাকাই অস্তাচলের ধারে আসি। ডাক দিয়ে যার সাড়া না পাই তার লাগি আজ বাজাই বাঁশি॥ যখন এ কূল যাব ছাড়ি পারের খেয়ায় দেব পাড়ি, মোর ফাগুনের গানের বোঝা বাঁশির সাথে যাবে ভাসি॥ সেই-যে আমার বনের গলি রঙিন ফুলে ছিল আঁকা সেই ফুলেরই ছিন্ন দলে চিহ্ন যে তার পড়ল ঢাকা। মাঝে মাঝে কোন্ বাতাসে চেনা দিনের গন্ধ আসে, হঠাৎ বুকে চমক লাগায় আধ-ভোলা সেই কান্নাহাসি॥