গোপন কথাটি রবে না গোপনে, উঠিল ফুটিয়া নীরব নয়নে। না না না, রবে না গোপনে॥ বিভল হাসিতে বাজিল বাঁশিতে, স্ফুরিল অধরে নিভৃত স্বপনে-- না না না, রবে না গোপনে॥ মধুপ গুঞ্জরিল, মধুর বেদনায় আলোক-পিয়াসি অশোক মুঞ্জরিল। হৃদয়শতদল করিছে টলমল অরুণ প্রভাতে করুণ তপনে। না না না, রবে না গোপনে॥
গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি তখন তারে চিনি আমি, তখন তারে জানি। তখন তারি আলোর ভাষায় আকাশ ভরে ভালোবাসায়, তখন তারি ধুলায় ধুলায় জাগে পরম বাণী ॥ তখন সে যে বাহির ছেড়ে অন্তরে মোর আসে, তখন আমার হৃদয় কাঁপে তারি ঘাসে ঘাসে। রূপের রেখা রসের ধারায় আপন সীমা কোথায় হারায়, তখন দেখি আমার সাথে সবার কানাকানি ॥