আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভ'রে। না চাহিতে মোরে যা করেছ দান আকাশ আলোক তনু মন প্রাণ, দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহাদানেরই যোগ্য করে অতি-ইচ্ছার সংকট হতে বাঁচায়ে মোরে। আমি কখনো-বা ভুলি, কখনো-বা চলি তোমার পথের লক্ষ্য ধরে; তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও সে সরে। এ যে তব দয়া জানি জানি হায়, নিতে চাও বলে ফিরাও আমায়, পূর্ণ করিয়া লবে এ জীবন তব মিলনেরই যোগ্য করে আধা-ইচ্ছার সংকট হতে বাঁচায়ে মোরে।
আমি হাল ছাড়লে তবে তুমি হাল ধরবে জানি যা হবার আপনি হবে মিছে এই টানাটানি। ছেড়ে দে দে গো ছেড়ে, নীরবে যা তুই হেরে, যেখানে আছিস বসে বসে থাক্ ভাগ্য মানি। আমার এই আলোগুলি নেবে আর জ্বালিয়ে তুলি, কেবলি তারি পিছে তা নিয়েই থাকি ভুলি। এবার এই আঁধারেতে রহিলাম আঁচল পেতে, যখনি খুশি তোমার নিয়ো সেই আসনখানি।