আমার কণ্ঠ তাঁরে ডাকে, তখন হৃদয় কোথায় থাকে? যখন হৃদয় আসে ফিরে আপন নীরব নীড়ে আমার জীবন তখন কোন্ গহনে বেড়ায় কিসের পাকে? যখন মোহ আমায় ডাকে তখন লজ্জা কোথায় থাকে? যখন আনেন তমোহারী আলোক-তরবারি তখন পরান আমার কোন্ কোণে যে লজ্জাতে মুখ ঢাকে?
এবার তোরা আমার যাবার বেলাতে সবাই জয়ধ্বনি কর্। ভোরের আকাশ রাঙা হল রে, আমার পথ হল সুন্দর। কী নিয়ে বা যাব সেথা ওগো তোরা ভাবিস নে তা, শূন্য হাতেই চলব, বহিয়ে আমার ব্যাকুল অন্তর। মালা পরে যাব মিলন-বেশে আমার পথিক-সজ্জা নয়। বাধা বিপদ আছে মাঝের দেশে, মনে রাখি নে সেই ভয়। যাত্রা যখন হবে সারা উঠবে জ্বলে সন্ধ্যাতারা, পুরবীতে করুণ বাঁশরি দ্বারে বাজবে মধুর স্বর।