আছি আমি বিন্দুরূপে, হে অন্তরযামী আছি আমি বিশ্বকেন্দ্রস্থলে। "আছি আমি' এ কথা স্মরিলে মনে মহান্ বিস্ময় আকুল করিয়া দেয়,স্তব্ধ এ হৃদয় প্রকাণ্ড রহস্যভারে। "আছি আর আছে' অন্তহীন আদি প্রহেলিকা, কার কাছে শুধাইব অর্থ এর! তত্ত্ববিদ্ তাই কহিতেছে,"এ নিখিলে আর কিছু নাই, শুধু এক আছে।' করে তারা একাকার অস্তিত্বরহস্যরাশি করি অস্বীকার। একমাত্র তুমি জান এ ভবসংসারে যে আদি গোপন তত্ত্ব, আমি কবি তারে চিরকাল সবিনয়ে স্বীকার করিয়া অপার বিস্ময়ে চিত্ত রাখিব ভরিয়া।
আমি বিকাব না কিছুতে আর আপনারে। আমি দাঁড়াতে চাই সভার তলে সবার সাথে এক সারে। সকালবেলার আলোর মাঝে মলিন যেন না হই লাজে, আলো যেন পশিতে পায় মনের মধ্যে একবারে। বিকাব না, বিকাব না আপনারে। আমি বিশ্ব-সাথে রব সহজ বিশ্বাসে। আমি আকাশ হতে বাতাস নেব প্রাণের মধ্যে নিশ্বাসে। পেয়ে ধরার মাটির স্নেহ পুণ্য হবে সর্ব দেহ, গাছের শাখা উঠবে দুলে আমার মনের উল্লাসে। বিশ্বে রব সহজ সুখে বিশ্বাসে। আমি সবায় দেখে খুশি হব অন্তরে। কিছু বেসুর যেন বাজে না আর আমার বীণা-যন্তরে। যাহাই আছে নয়ন ভরি সবই যেন গ্রহণ করি, চিত্তে নামে আকাশ-গলা আনন্দিত মন্ত্র রে। সবায় দেখে তৃপ্ত রব অন্তরে।