সংসারেতে আর-যাহারা আমায় ভালোবাসে তারা আমায় ধরে রাখে বেঁধে কঠিন পাশে। তোমার প্রেম যে সবার বাড়া তাই তোমারি নূতন ধারা, বাঁধ নাকো, লুকিয়ে থাক' ছেড়েই রাখ দাসে। আর-সকলে, ভুলি পাছে তাই রাখে না একা। দিনের পরে কাটে যে দিন, তোমারি নেই দেখা। তোমায় ডাকি নাই বা ডাকি, যা খুশি তাই নিয়ে থাকি; তোমার খুশি চেয়ে আছে আমার খুশির আশে।
দু-কানে ফুটিয়ে দিয়ে কাঁকড়ার দাঁড়া বর বলে, 'কান দুটো ধীরে ধীরে নাড়া।' বউ দেখে আয়নায়, জাপানে কি চায়নায় হাজার হাজার আছে মেছনীর পাড়া-- কোথাও ঘটেনি কানে এত বড়ো ফাঁড়া।
এই আবরণ ক্ষয় হবে গো ক্ষয় হবে, এ দেহ মন ভূমানন্দময় হবে। চোখে আমার মায়ার ছায়া টুটবে গো, বিশ্বকমল প্রাণে আমার ফুটবে গো, এ জীবনে তোমারি নাথ, জয় হবে। রক্ত আমার বিশ্বতালে নাচবে যে, হৃদয় আমার বিপুল প্রাণে বাঁচবে যে। কাঁপবে তোমার আলো-বীণার তারে সে, দুলবে তোমার তারা-মণির হারে সে, বাসনা তার ছড়িয়ে গিয়ে লয় হবে।