কহিল কাঁসার ঘটি খন্ খন্ স্বর-- কূপ,তুমি কেন খুড়া হলে না সাগর? তাহা হলে অসংকোচে মারিতাম ডুব, জল খেয়ে লইতাম পেট ভরে খুব। কূপ কহে,সত্য বটে ক্ষুদ্র আমি কূপ, সেই দুঃখে চিরদিন করে আছি চুপ। কিন্তু বাপু , তার লাগি তুমি কেন ভাব! যতবার ইচ্ছা যায় ততবার নাবো-- তুমি যত নিতে পার সব যদি নাও তবু আমি টিঁকে রব দিয়ে-থুয়ে তাও।
বারেক ভালোবেসে যে জন মজে দেবতাসম সেই ধন্য, দ্বিতীয়বার পুন প্রেমে যে পড়ে মূর্খের অগ্রগণ্য। আমিও সে দলের মূর্খরাজ দুবার প্রেমপাশে পড়ি; তপন শশী তারা হাসিয়া মরে, আমিও হাসি-- আর মরি।