তার অন্ত নাই গো যে আনন্দে গড়া আমার অঙ্গ। তার অণু-পরমাণু পেল কত আলোর সঙ্গ। ও তার অন্ত নাই গো নাই। তারে মোহন-মন্ত্র দিয়ে গেছে কত ফুলের গন্ধ। তারে দোলা দিয়ে দুলিয়ে গেছে কত ঢেউয়ের ছন্দ। ও তার অন্ত নাই গো নাই। আছে কত সুরের সোহাগ যে তার স্তরে স্তরে লগ্ন সে যে কত রঙের রসধারায় কতই হল মগ্ন। ও তার অন্ত নাই গো নাই। কত শুকতারা যে স্বপ্নে তাহার রেখে গেছে স্পর্শ। কত বসন্ত যে ঢেলেছে তার অকারণের হর্ষ। ও তার অন্ত নাই গো নাই। সে যে প্রাণ পেয়েছে পান ক'রে যুগ-যুগান্তরের স্তন্য ভুবন কত তীর্থজলের ধারায় করেছে তায় ধন্য। ও তার অন্ত নাই গো নাই। সে যে সঙ্গিনী মোর আমারে সে দিয়েছে বরমাল্য। আমি ধন্য, সে মোর অঙ্গনে যে কত প্রদীপ জ্বালল। ও তার অন্ত নাই গো নাই।
তোমাদের জানি, তবু তোমরা যে দূরের মানুষ। তোমাদের আবেষ্টন, চলাফেরা, চারি দিকে ঢেউ ওঠা-পড়া, সবই চেনা জগতের তবু তার আমন্ত্রণে দ্বিধা-- সবা হতে আমি দূরে, তোমাদের নাড়ীর যে ভাষা সে আমার আপন প্রাণের, বিষণ্ন বিস্ময় লাগে যবে দেখি স্পর্শ তার সসংকোচ পরিচয় নিয়ে আনে যেন প্রবাসীর পাণ্ডুবর্ণ শীর্ণ আত্মীয়তা। আমি কিছু দিতে চাই, তা না হলে জীবনে জীবনে মিল হবে কী করিয়া-- আসি না নিশ্চিত পদক্ষেপে-- ভয় হয়, রিক্ত পাত্র বুঝি, বুঝি তার রসস্বাদ হারায়েছে পূর্বপরিচয়, বুঝি আদানে-প্রদানে রবে না সম্মান। তাই আশঙ্কার এ দূরত্ব হতে এ নিষ্ঠুর নিঃসঙ্গতা-মাঝে তোমাদের ডেকে বলি, যে জীবনলক্ষ্মী মোরে সাজায়েছে নব নব সাজে তার সাথে বিচ্ছেদের দিনে নিভায়ে উৎসবদীপ দারিদ্র৻ের লাঞ্ছনায় ঘটাবে না কভু অসম্মান, অলংকার খুলে নেবে,একে একে বর্ণসজ্জাহীন উত্তরীয়ে ঢেকে দিবে, ললাটে আঁকিবে শুভ্র তিলকের রেখা; তোমরাও যোগ দিয়ো জীবেনের পূর্ণ ঘট নিয়ে সে অন্তিম অনুষ্ঠানে, হয়তো শুনিবে দূর হতে দিগন্তের পরপারে শুভশঙ্খধ্বনি।
হেথায় তাহারে পাই কাছে-- যত কাছে ধরাতল, যত কাছে ফুলফল-- যত কাছে বায়ু জল আছে। যেমন পাখির গান, যেমন জলের তান, যেমনি এ প্রভাতের আলো, যেমনি এ কোমলতা, অরণ্যের শ্যামলতা, তেমনি তাহারে বাসি ভালো। যেমন সুন্দর সন্ধ্যা, যেমন রজনীগন্ধা, শুকতারা আকাশের ধারে, যেমন সে অকলুষা শিশিরনির্মলা উষা, তেমনি সুন্দর হেরি তারে। যেমন বৃষ্টির জল, যেমন আকাশতল, সুখসুপ্তি যেমন নিশার, যেমন তটিনীনীর, বটচ্ছায়া অটবীর, তেমনি সে মোর আপনার। যেমন নয়ন ভরি অশ্রুজল পড়ে ঝরি তেমনি সহজ মোর গীতি-- যেমন রয়েছে প্রাণ ব্যাপ্ত করি মর্মস্থান তেমনি রয়েছে তার প্রীতি।