আমার প্রাণের মাঝে যেমন করে নাচে তোমার প্রাণ আমার প্রেমে তেমনি তোমার প্রেমের বহুক-না তুফান। রসের বরিষনে তারে মিলাও সবার সনে, অঞ্জলি মোর ছাপিয়ে দিয়ে হোক সে তোমার দান। আমার হৃদয় সদা আমার মাঝে বন্দী হয়ে থাকে। তোমার আপন পাশে নিয়ে তুমি মুক্ত করো তাকে। যেমন তোমার তারা, তোমার ফুলটি যেমন ধারা, তেমনি তারে তোমার করো যেমন তোমার গান।
ঝড়ে যায় উড়ে যায় গো আমার মুখের আঁচলখানি। ঢাকা থাকে না হায় গো, তারে রাখতে নারি টানি। আমার রইল না লাজলজ্জা, আমার ঘুচল গো সাজসজ্জা তুমি দেখলে আমারে এমন প্রলয়মাঝে আনি, আমায় এমন মরণ হানি। হঠাৎ আকাশ উজলি' কারে খুঁজে কে ওই চলে। চমক লাগায় বিজলি আমার আঁধার ঘরের তলে। তবে নিশীথ-গগন জুড়ে আমার যাক সকলি উড়ে, এই দারুণ কল্লোলে বাজুক আমার প্রাণের বাণী কোনো বাঁধন নাহি মানি।