সন্ধ্যাবেলায় এ কোন্ খেলায় করলে নিমন্ত্রণ ওগো খেলার সাথি! হঠাৎ কেন চমকে তোলে শূন্য এ প্রাঙ্গণ রঙিন শিখার বাতি। কোন্ সে ভোরের রঙের খেয়াল কোন্ আলোতে ঢেকে সমস্ত দিন বুকের তলায় লুকিয়ে দিলে রেখে, অরুণ-আভাস ছানিয়ে নিয়ে পদ্মবনের থেকে রাঙিয়ে দিলে রাতি? উদয়-ছবি শেষ হবে কি অস্ত-সোনায় এঁকে জ্বালিয়ে সাঁঝের বাতি। হারিয়ে-ফেলা বাঁশি আমার পালিয়েছিল বুঝি লুকোচুরির ছলে? বনের পারে আবার তারে কোথায় পেলে খুঁজি শুকনো পাতার তলে? যে সুর তুমি শিখিয়েছিলে বসে আমার পাশে সকালবেলায় বটের তলায় শিশির-ভেজা ঘাসে, সে আজ ওঠে হঠাৎ বেজে বুকের দীর্ঘশ্বাসে, উছল চোখের জলে -- কাঁপত যে সুর ক্ষণে ক্ষণে দুরন্ত বাতাসে শুকনো পাতার তলে। মোর প্রভাতের খেলার সাথি আনত ভরে সাজি সোনার চাঁপাফুলে। অন্ধকারে গন্ধ তারি ওই যে আসে আজি এ কি পথের ভুলে। বকুলবীথির তলে তলে আজ কি নতুন বেশে সেই খেলাতেই ডাকতে এল আবার ফিরে এসে। সেই সাজি তার দখিন হাতে, তেমনি আকুল কেশে চাঁপার গুচ্ছ দুলে। সেই অজানা হতে আসে এই অজানার দেশে, এ কি পথের ভুলে। আমার কাছে কী চাও তুমি, ওগো খেলার গুরু, কেমন খেলার ধারা। চাও কি তুমি যেমন করে হল দিনের শুরু তেমনি হবে সারা। সেদিন ভোরে দেখেছিলাম প্রথম জেগে উঠে নিরুদ্দেশের পাগল হাওয়ায় আগল গেছে টুটে, কাজ-ভোলা সব খ্যাপার দলে তেমনি আবার জুটে করবে দিশেহারা। স্বপন-মৃগ ছুটিয়ে দিয়ে পিছনে তার ছুটে তেমনি হব সারা। বাঁধা পথের বাঁধন মেনে চলতি কাজের স্রোতে চলতে দেবে নাকো? সন্ধ্যাবেলায় জোনাক-জ্বালা বনের আঁধার হতে তাই কি আমায় ডাকো? সকল চিন্তা উধাও করে অকারণের টানে অবুঝ ব্যথার চঞ্চলতা জাগিয়ে দিয়ে প্রাণে থর্থরিয়ে কাঁপিয়ে বাতাস ছুটির গানে গানে দাঁড়িয়ে কোথায় থাকো। না জেনে পথ পড়ব তোমার বুকেরই মাঝখানে, তাই আমারে ডাকো। জানি জানি, তুমি আমার চাও না পূজার মালা ওগো খেলার সাথি। এই জনহীন অঙ্গনেতে গন্ধপ্রদীপ জ্বালা, নয় আরতির বাতি। তোমার খেলায় আমার খেলা মিলিয়ে দেব তবে নিশীথিনীর স্তব্ধ সভায় তারার মহোৎসবে, তোমার বীণার ধ্বনির সাথে আমার বাঁশির রবে পূর্ণ হবে রাতি। তোমার আলোয় আমার আলো মিলিয়ে খেলা হবে, নয় আরতির বাতি।
ভোরের আলো-আঁধারে থেকে থেকে উঠছে কোকিলের ডাক যেন ক্ষণে ক্ষণে শব্দের আতশবাজি। ছেঁড়া মেঘ ছড়িয়েছে আকাশে একটু একটু সোনার লিখন নিয়ে। হাটের দিন, মাঠের মাঝখানকার পথে চলেছে গোরুর গাড়ি। কলসীতে নতুন আখের গুড়, চালের বস্তা, গ্রামের মেয়ে কাঁখের ঝুড়িতে নিয়েছে কচুশাক, কাঁচা আম, শজনের ডাঁটা। ছটা বাজল ইস্কুলের ঘড়িতে। ঐ ঘণ্টার শব্দ আর সকাল বেলাকার কাঁচা রোদ্দুরের রঙ মিলে গেছে আমার মনে। আমার ছোটো বাগানের পাঁচিলের গায়ে বসেছি চৌকি টেনে করবীগাছের তলায়। পুবদিক থেকে রোদ্দুরের ছটা বাঁকা ছায়া হানছে ঘাসের 'পরে। বাতাসে অস্থির দোলা লেগেছে পাশাপাশি দুটি নারকেলের শাখায়। মনে হচ্ছে যমজ শিশুর কলরবের মতো। কচি দাড়িম ধরেছে গাছে চিকন সবুজের আড়ালে। চৈত্রমাস ঠেকল এসে শেষ হপ্তায়। আকাশে ভাসা বসন্তের নৌকোয় পাল পড়েছে ঢিলে হয়ে। দূর্বাঘাস উপবাসে শীর্ণ; কাঁকর-ঢালা পথের ধারে বিলিতি মৌসুমি চারায় ফুলগুলি রঙ হারিয়ে সংকুচিত। হাওয়া দিয়েছে পশ্চিম দিক থেকে,-- বিদেশী হাওয়া চৈত্রমাসের আঙিনাতে। গায়ে দিতে হল আবরণ অনিচ্ছায়। বাঁধানো জলকুণ্ডে জল উঠছে শিরশিরিয়ে, টলমল করছে নালগাছের পাতা, লাল মাছ কটা চঞ্চল হয়ে উঠল। নেবুঘাস ঝাঁকড়া হয়ে উঠেছে খেলা-পাহাড়ের গায়ে। তার মধ্যে থেকে দেখা যায় গেরুয়া পাথরের চতুর্মুখ মূর্তি। সে আছে প্রবহমান কালের দূর তীরে উদাসীন; ঋতুর স্পর্শ লাগে না তার গায়ে। শিল্পের ভাষা তার, গাছপালার বাণীর সঙ্গে কোনো মিল নেই। ধরণীর অন্তঃপুর থেকে যে শুশ্রূষা দিনে রাতে সঞ্চারিত হচ্ছে সমস্ত গাছের ডালে ডালে পাতায় পাতায়, ঐ মূর্তি সেই বৃহৎ আত্মীয়তার বাইরে। মানুষ আপন গূঢ় বাক্য অনেক কাল আগে যক্ষের মৃত ধনের মতো ওর মধ্যে রেখেছে নিরুদ্ধ ক'রে, প্রকৃতির বাণীর সঙ্গে তার ব্যবহার বন্ধ। সাতটা বাজল ঘড়িতে। ছড়িয়ে-পড়া মেঘগুলি গেছে মিলিয়ে। সূর্য উঠল প্রাচীরের উপরে, ছোটো হয়ে গেল গাছের যত ছায়া। খিড়কির দরজা দিয়ে মেয়েটি ঢুকল বাগানে। পিঠে দুলছে ঝালরওআলা বেণী, হাতে কঞ্চির ছড়ি; চরাতে এনেছে একজোড়া রাজহাঁস, আর তার ছোটো ছোটো ছানাগুলিকে। হাঁস দুটো দাম্পত্য দায়িত্বের মর্যাদায় গম্ভীর, সকলের চেয়ে গুরুতর ঐ মেয়েটির দায়িত্ব জীবপ্রাণের দাবি স্পন্দমান ছোট ঐ মাতৃমনের স্নেহরসে। আজকের এই সকালটুকুকে ইচ্ছে করেছি রেখে দিতে। ও এসেছে অনায়াসে, অনায়াসেই যাবে চলে। যিনি দিলেন পাঠিয়ে তিনি আগেই এর মূল্য দিয়েছেন শোধ ক'রে আপন আনন্দ-ভাণ্ডার থেকে।