দেখিলাম খানকয়েক পুরাতন চিঠি-- স্নেহমুগ্ধ জীবনের চিহ্ন দু-চারিটি স্মৃতির খেলনা-ক'টি বহু যত্নভরে গোপনে সঞ্চয় করি রেখেছিলে ঘরে। যে প্রবল কালস্রোতে প্রলয়ের ধারা ভাসাইয়া যায় কত রবিচন্দ্রতারা, তারি কাছ হতে তুমি বহু ভয়ে ভয়ে এই ক'টি তুচ্ছ বস্তু চুরি করে লয়ে লুকায়ে রাখিয়াছিলে, বলেছিলে মনে, "অধিকার নাই কারো আমার এ ধনে'। আশ্রয় আজিকে তারা পাবে কার কাছে? জগতের কারো নয়, তবু তারা আছে। তাদের যেমন তব রেখেছিল স্নেহ, তোমারে তেমনি আজ রাখে নি কি কেহ?
বাসনারে খর্ব করি দাও হে প্রাণেশ। সে শুধু সংগ্রাম করে লয়ে এক লেশ বৃহতের সাথে। পণ রাখিয়া নিখিল জিনিয়া নিতে সে চাহে শুধু এক তিল। বাসনার ক্ষুদ্র রাজ্য করি একাকার দাও মোরে সন্তোষের মহা অধিকার। অযাচিত যে সম্পদ অজস্র আকারে ঊষার আলোক হতে নিশার আঁধারে জলে স্থলে রচিয়াছে অনন্ত বিভব-- সেই সর্বলভ্য সুখ অমূল্য দুর্লভ সব চেয়ে। সে মহা সহজ সুখখানি পূর্ণশতদলসম কে দিবে গো আনি জলস্থল-আকাশের মাঝখান হতে, ভাসাইয়া আপনারে সহজের স্রোতে!