ওদের সাথে মেলাও, যারা চরায় তোমার ধেনু তোমার নামে বাজায় যারা বেণু। পাষাণ দিয়ে বাঁধা ঘাটে এই যে কোলাহলের হাটে কেন আমি কিসের লোভে এনু। কী ডাক ডাকে বনের পাতাগুলি, কার ইশারা তৃণের অঙ্গুলি। প্রাণেশ আমার লীলাভরে খেলেন প্রাণের খেলাঘরে, পাখির মুখে এই যে খবর পেনু।
দাও হে আমার ভয় ভেঙে দাও। আমার দিকে ও মুখ ফিরাও। পাশে থেকে চিনতে নারি, কোন্ দিকে যে কী নেহারি, তুমি আমার হৃদ্বিহারী হৃদয়পানে হাসিয়া চাও। বলো আমায় বলো কথা, গায়ে আমার পরশ করো। দক্ষিণ হাত বাড়িয়ে দিয়ে আমায় তুমি তুলে ধরো। যা বুঝি সব ভুল বুঝি হে, যা খুঁজি সব ভুল খুঁজি হে-- হাসি মিছে,কান্না মিছে, সামনে এসে এ ভুল ঘুচাও।