আমায় ভুলতে দিতে নাইকো তোমার ভয়। আমার ভোলার আছে অন্ত, তোমার প্রেমের তো নাই ক্ষয়। দূরে গিয়ে বাড়াই যে ঘুর, সে দূর শুধু আমারি দূর-- তোমার কাছে দূর কভু দূর নয়। আমার প্রাণের কুঁড়ি পাপড়ি নাহি খোলে, তোমার বসন্তবায় নাই কি গো তাই ব'লে? এই খেলাতে আমার সনে হার মানো যে ক্ষণে ক্ষণে, হারের মাঝে আছে তোমার জয়।
কোথা হতে আসিয়াছি নাহি পড়ে মনে অগণ্য যাত্রীর সাথে তীর্থদরশনে এই বসুন্ধরাতলে; লাগিয়াছে তরী নীলাকাশ সমুদ্রের ঘাটের উপরি। শুনা যায় চারি দিকে দিবসরজনী বাজিতেছে বিরাট সংসার-শঙ্খধ্বনি লক্ষ লক্ষ জীবন-ফুৎকারে। এত বেলা যাত্রী নরনারী-সাথে করিয়াছি মেলা পুরীপ্রান্তে পান্থশালা-'পরে। স্নানে পানে অপরাহ্ন হয়ে এল গল্পে হাসিগানে-- এখন মন্দিরে তব এসেছি, হে নাথ, নির্জনে চরণতলে করি প্রণিপাত এ জন্মের পূজা সমাপিব। তার পর নবতীর্থে যেতে হবে হে বসুধেশ্বর।