খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারি ছেলেমানুষ। ও ভেবেছে তারা উঠছে বুঝি আমরা যখন উড়েয়েছিলেম ফানুস। আমি যখন খাওয়া-খাওয়া খেলি খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি, ও ভাবে বা সত্যি খেতে হবে মুঠো ক'রে মুখে দেয় মা, পুরি। সামনেতে ওর শিশুশিক্ষা খুলে যদি বলি, "খুকি, পড়া করো' দু হাত দিয়ে পাতা ছিঁড়তে বসে -- তোমার খুকির পড়া কেমনতরো। আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়িগুড়ি তোমার খুকি অম্নি কেঁদে ওঠে, ও ভাবে বা এল জুজুবুড়ি। আমি যদি রাগ ক'রে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি-- তোমার খুকি খিল্খিলিয়ে হাসে। খেলা করছি মনে করে ও কি। সবাই জানে বাবা বিদেশ গেছে তবু যদি বলি "আসছে বাবা' তাড়াতাড়ি চার দিকেতে চায়-- তোমার খুকি এম্নি বোকা হাবা। ধোবা এলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্ছা গাধা, আমি বলি "আমি গুরুমশাই', ও আমাকে চেঁচিয়ে ডাকে "দাদা'। তোমার খুকি চাঁদ ধরতে চায়, গণেশকে ও বলে যে মা গানুশ। তোমার খুকি কিচ্ছু বোঝে না মা, তোমার খুকি ভারি ছেলেমানুষ।
বিশ্বজগৎ যখন করে কাজ স্পর্ধা ক'রে পরে ছুটির সাজ। আকাশে তার আলোর ঘোড়া চলে, কৃতিত্বেরে লুকিয়ে রাখে পরিহাসের ছলে। বনের তলে গাছে গাছে শ্যামল রূপের মেলা, ফুলে ফলে নানান্ রঙে নিত্য নতুন খেলা। বাহির হতে কে জানতে পায়, শান্ত আকাশতলে প্রাণ বাঁচাবার কঠিন কর্মে নিত্য লড়াই চলে। চেষ্টা যখন নগ্ন হয়ে শাখায় পড়ে ধরা, তখন খেলার রূপ চলে যায়, তখন আসে জরা। বিলাসী নয় মেঘগুলো তো জলের ভারে ভরা, চেহারা তার বিলাসিতার রঙের ভূষণ পরা। বাইরে ওরা বুড়োমিকে দেয় না তো প্রশ্রয়-- অন্তরে তাই চিরন্তনের বজ্রমন্দ্র রয়। জল-ঝরানো ছেলেখেলা যেমনি বন্ধ করে ফ্যাকাশে হয় চেহারা তার, বয়স তাকে ধরে। দেহের মাঝে হাজার কাজে বহে প্রাণের বায়ু-- পালের তরীর মতন যেন ছুটিয়ে চলে আয়ু, বুকের মধ্যে জাগায় নাচন, কণ্ঠে লাগায় সুর, সকল অঙ্গ অকারণে উৎসাহে ভরপুর। রক্তে যখন ফুরোবে ওর খেলার নেশা খোঁজা তখনি কাজ অচল হবে, বয়স হবে বোঝা। ওগো তুমি কী করছ, ভাই, স্তব্ধ সারাক্ষণ-- বুদ্ধি তোমার আড়ষ্ট যে, ঝিমিয়ে-পড়া মন। নবীন বয়স যেই পেরোল খেলাঘরের দ্বারে মরচে-পড়া লাগল তালা, বন্ধ একেবারে। ভালোমন্দ বিচারগুলো খোঁটায় যেন পোঁতা। আপন মনের তলায় তুমি তলিয়ে গেলে কোথা। চলার পথে আগল দিয়ে বসে আছ স্থির-- বাইরে এসো, বাইরে এসো, পরমগম্ভীর। কেবলই কি প্রবীণ তুমি, নবীন নও কি তাও। দিনে দিনে ছি ছি কেবল বুড়ো হয়েই যাও। আশি বছর বয়স হবে ওই যে পিপুলগাছ, এ আশ্বিনের রোদ্দুরে ওর দেখলে বিপুল নাচ? পাতায় পাতায় আবোল-তাবোল, শাখায় দোলাদুলি, পান্থ হাওয়ার সঙ্গে ও চায় করতে কোলাকুলি। ওগো প্রবীণ, চলো এবার সকল কাজের শেষে নবীন হাসি মুখে নিয়ে চরম খেলার বেশে।