প্রাইমারি ইস্কুলে প্রায়-মারা পণ্ডিত সব কাজ ফেলে রেখে ছেলে করে দণ্ডিত। নাকে খত দিয়ে দিয়ে ক্ষয়ে গেল যত নাক, কথা-শোনবার পথ টেনে টেনে করে ফাঁক; ক্লাসে যত কান ছিল সব হল খণ্ডিত, বেঞ্চিটেঞ্চিগুলো লণ্ডিত ভণ্ডিত।
সকল দাবি ছাড়বি যখন পাওয়া সহজ হবে। এই কথাটা মনকে বোঝাই, বুঝবে অবোধ কবে? নালিশ নিয়ে বেড়াস মেতে পাস নি যা তার হিসাব পেতে, শুনিস নে তার ভাণ্ডারেতে ডাক পড়ে তোর যবে। দুঃখ নিয়ে দিন কেটে যায় অশ্রু মুছে মুছে, চোখের জলে দেখতে না পাস দুঃখ গেছে ঘুচে। সব আছে তোর ভরসা যে নেই, দেখ্ চেয়ে দেখ্ এই যে সে এই, মাথা তুলে হাত বাড়ালেই অমনি পাবি তবে।