পূণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে হে স্নেহার্ত বঙ্গভূমি, তব গৃহক্রোড়ে চিরশিশু করে আর রাখিয়ো না ধরে। দেশদেশান্তর-মাঝে যার যেথা স্থান খুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান। পদে পদে ছোটো ছোটো নিষেধের ডোরে বেঁধে বেঁধে রাখিয়ো না ভালোছেলে করে। প্রাণ দিয়ে, দুঃখ স'য়ে, আপনার হাতে সংগ্রাম করিতে দাও ভালোমন্দ-সাথে। শীর্ণ শান্ত সাধু তব পুত্রদের ধরে দাও সবে গৃহছাড়া লক্ষ্মীছাড়া ক'রে। সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালী করে, মানুষ কর নি।
সেটুকু তোর অনেক আছে যেটুকু তোর আছে খাঁটি, তার চেয়ে লোভ করিস যদি সকলি তোর হবে মাটি। একমনে তোর একতারাতে একটি যে তার সেইটে বাজা, ফুলবনে তোর একটি কুসুম তাই নিয়ে তোর ডালি সাজা। যেখানে তোর বেড়া সেথায় আনন্দে তুই থামিস এসে, যে কড়ি তোর প্রভুর দেওয়া সেই কড়ি তুই নিস রে হেসে। লোকের কথা নিস নে কানে, ফিরিস নে আর হাজার টানে, যেন রে তোর হৃদয় জানে হৃদয়ে তোর আছেন রাজা-- একতারাতে একটি যে তার আপন মনে সেইটি বাজা।