এই আবরণ ক্ষয় হবে গো ক্ষয় হবে, এ দেহ মন ভূমানন্দময় হবে। চোখে আমার মায়ার ছায়া টুটবে গো, বিশ্বকমল প্রাণে আমার ফুটবে গো, এ জীবনে তোমারি নাথ, জয় হবে। রক্ত আমার বিশ্বতালে নাচবে যে, হৃদয় আমার বিপুল প্রাণে বাঁচবে যে। কাঁপবে তোমার আলো-বীণার তারে সে, দুলবে তোমার তারা-মণির হারে সে, বাসনা তার ছড়িয়ে গিয়ে লয় হবে।
আমার ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। তারি গলার মালা হতে পাপড়ি হেথায় লুটায় ছিন্ন। এল যখন সাড়াটি নাই, গেল চলে জানাল তাই, এমন করে আমারে হায় কে বা কাঁদায় সে জন ভিন্ন। তখন তরুণ ছিল অরুণ-আলো, পথটি ছিল কুসুমকীর্ণ। বসন্ত যে রঙীন বেশে ধরায় সেদিন অবতীর্ণ। সেদিন খবর মিলল না যে, রইনু বসে ঘরের মাঝে, আজকে পথে বাহির হব বহি আমার জীবন জীর্ণ।