কোন্ বাণী মোর জাগল, যাহা রাখবে স্মরণে-- পলে-পলে দলিত সে কালের চরণে। যায় সে কেবল ভেঙে চুরে, ছড়িয়ে পড়ে কাছে দূরে-- জীবনবাণীর অখণ্ড রূপ মিলবে মরণে।
ক্ষণে ক্ষণে পাগল হাওয়ায় ঘূর্ণিধূলিতে প্রাণের দোলে এলোমেলো রয় সে দুলিতে। বৈতরণীর অগাধ নদী পেরিয়ে আবার ফেরে যদি উল্টো স্রোতের সে দান, ডালায় পারবে তুলিতে।
কোন্ বাণী মোর জাগল, যাহা রাখবে স্মরণে, টিঁকবে যাহা নিমেষগুলির পূরণ-হরণে। তারে নিয়ে সারা বেলা চলেছে হার-জিতের খেলা, খেলার শেষে বাঁচল যা তাই বাঁচবে মরণে।
আমার সুরের সাধন রইল পড়ে। চেয়ে চেয়ে কাটল বেলা কেমন করে। দেখি সকল অঙ্গ দিয়ে, কী যে দেখি বলব কী এ-- গানের মতো চোখে বাজে রূপের ঘোরে। সবুজ সুধা এই ধরণীর অঞ্জলিতে কেমন করে ওঠে ভরে আমার চিতে। আমার সকল ভাবনাগুলি ফুলের মতো নিল তুলি, আশ্বিনের ওই আঁচলখানি গেল ভরে।