তোমার ঘরের সিঁড়ি বেয়ে যতই আমি নাবছি। আমায় মনে আছে কি না ভয়ে ভয়ে ভাবছি। কথা পাড়তে গিয়ে দেখি, হাই তুললে দুটো; বললে উসুখুসু করে, "কোথায় গেল নুটো।" ডেকে তারে বলে দিলে, "ড্রাইভারকে বলিস, আজকে সন্ধ্যা নটার সময় যাব মেট্রোপলিস।" কুকুরছানার ল্যাজটা ধরে করলে নাড়াচাড়া; বললে আমায়, "ক্ষমা করো, যাবার আছে তাড়া।" তখন পষ্ট বোঝা গেল, নেই মনে আর নেই। আরেকটা দিন এসেছিল একটা শুভক্ষণেই-- মুখের পানে চাইতে তখন, চোখে রইত মিষ্টি; কুকুরছানার ল্যাজের দিকে পড়ত নাকো দৃষ্টি। সেই সেদিনের সহজ রঙটা কোথায় গেল ভাসি; লাগল নতুন দিনের ঠোঁটে রুজ-মাখানো হাসি। বটসুদ্ধ পা-দুখানা তুলে দিলে সোফায়; ঘাড় বেঁকিয়ে ঠেসেঠুসে ঘা লাগালে খোঁপায়। আজকে তুমি শুকনো ডাঙায় হালফ্যাশানের কূলে, ঘাটে নেমে চমকে উঠি এই কথাটাই ভুলে। এবার বিদায় নেওয়াই ভালো, সময় হল যাবার-- ভুলেছ যে ভুলব যখন আসব ফিরে আবার।
গান কী বেদনা মোর জানো সে কি তুমি, জানো, ওগো মিতা মোর, অনেক দূরের মিতা-- আজি এ নিবিড় তিমিরযামিনী বিদ্যুৎ-সচকিতা। বাদল বাতাস ব্যেপে হৃদয় উঠিছে কেঁপে, ওগো, সে কি তুমি জানো! উৎসুক এই দুখজাগরণ, এ কি হবে হায় বৃথা! ওগো মিতা মোর, অনেক দূরের মিতা, আমার ভবনদ্বারে রোপণ করিলে যারে সজল হাওয়ার করুণ পরশে সে মালতী বিকশিতা-- ওগো, সে কি তুমি জানো। তুমি যার সুর দিয়েছিলে বাঁধি মোর কোলে আজ উঠিছে সে কাঁদি, ওগো, সে কি তুমি জানো! সেই যে তোমার বীণা সেকি বিস্মৃতা, ওগো মিতা, মোর অনেক দূরের মিতা!
WHEN DEATH comes and whispers to me 'Thy days are ended,' let me say to him, I have lived in love and not in mere time.' He will ask 'Will thy songs remain?' I shall say I know not, but this I know that often when I sang I found my eternity.'